
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভা ২৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম।
পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের স্বাগত বক্তব্যে সকল অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের স্বাগত বক্তব্যে সকল অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যগণ তাঁদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল-দ্বীপ থানাসমূহের জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্যে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধিকরন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনের সময় বডিঅর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ, বিপিএম, পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি মহানগর এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তঃইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে।
