
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস–-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সিআরবি’র শিরীষতলায় ৩ দিনব্যাপী বিজয় মেলা–র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ ডিসেম্বর রোববার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এর পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ৩২টি স্টলে থাকছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলা ১৬ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোতাহার হোসেন ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, সর্বস্তরের মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে এবারের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। বিজয় দিবস গোটা জাতির জন্য মর্যাদা ও সম্মানের। আমরা যথাযথ মর্যাদার সাথে দিবসটি প্রতিপালন করছি। সিআরবি’র পরিবেশ খুবই সুন্দর, জনসমাগমও বেশী হয়। এ জন্য লাল সবুজ দিয়ে এ মেলাকে সজ্জ্বিত করা হয়েছে। আমরা আশাকরি, এ মেলা অত্যন্ত প্রাণবন্ত হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী কারু, শিল্প ও পণ্য মেলা করার জন্য সরকারীভাবে নির্দেশনা রয়েছে। এ বছর বিজয় মেলা উদযাপনের জন্য প্রথম বারের মত প্রাকৃতিক পরিবেশ ও গাছের ছায়া শীতল পরিবেশ বেষ্টিত সিআরবি শিরীষতলাকে মেলার ভেন্যু হিসেবে নেয়া হয়েছে। তিন দিনব্যাপী এ বিজয় মেলা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশীয় পণ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি বলেন, এখানে যানজটের কোন বিষয় নেই। বিজয় মেলার সকল স্টল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করে দিয়েছি, যাতে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি ও প্রদর্শন করতে পারে। নতুন প্রজন্মের মাঝে দেশীয় পণ্যগুলো পরিচয় করে দেয়ার জন্য এই বিজয় মেলার আয়োজন।
পাঠক সংখ্যাঃ ১৪৬
0Shares
