
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার কারণেই দেশ আজ নানা সংকটের মুখে পড়েছে। ভোটের অধিকার নষ্ট হলে রাষ্ট্রে জবাবদিহিতা থাকে না, আর জবাবদিহিতা না থাকলে দুর্নীতি, বেকারত্ব ও বৈষম্য ভয়াবহভাবে বৃদ্ধি পায়।
অতীতে দেশের নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, অনেক তরুণ-তরুণী জন্মের পর আজও ভোট দেওয়ার সুযোগ পায়নি। দেশের মানুষ এখন ভোট দিতে চায়, নিজের ভোট নিজে দিতে চায়। বিএনপি জনগণের সেই সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা না যায়। ইতোমধ্যে ভোট দখলের নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে প্রবাসী পোস্টাল ভোটসহ বিভিন্ন কৌশলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দেশে লাখ লাখ শিক্ষিত যুবক বেকার। তাদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি চা শ্রমিকসহ সব পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে ন্যূনতম জীবনযাপন নিশ্চিত করা যায়।

অন্যদিকে মৌলভীবাজার জেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী মাসের ১২ তারিখে নির্বাচন। এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুম-খুনের শিকার হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? ‘ধানের শীষে’ আমাদেরকে সিল মারতে হবে। দেশ পুনর্গঠনে সকলকে মিলেমিশে কাজ করতে হবে।
জনসভায় তিনি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় ও মৌলভীবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেন। এদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
