
বোয়ালখালী প্রতিনিধি :চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকায় পারিবারিক কবরস্থানে গিয়ে জুলাই অভ্যুত্থানে শহিদ মো. ওমর বিন নুরুল আবছারের কবর জিয়ারত করে এয়োদশ জাতীয় সংষদ নির্বাচনের প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ।
২২ জানুয়ারি কবর জিয়ারতের পর তিনি শহীদ ওমরের চাচার সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন পরে এরপর তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও ১০ দলীয় ঐকবদ্ধ বাংলাদেশ জোটের চট্টগ্রাম–৮ আসনে শাপলা কলি প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন ‘আমরা জুলাই অভ্যুত্থানের পরও আবারও একটি পাতানো নির্বাচনের আভাস দেখতে পাচ্ছি। এই চট্টগ্রামের বিভিন্ন দিকে অস্ত্রের মহড়া, জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা আমাদের সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, হাসিনার মতো ওদের হাতেও অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে, কিন্তু আমাদের আছে জুলাইয়ে জেগে ওঠা জনগণের সমর্থন।’
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে চেতনা এবং একটি নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা যতদিন টিকে থাকবে, ততদিন অস্ত্রের বিপরীতে জনতার ব্যালটেই হবে আমাদের বিজয়।
