
ডেস্ক রির্পোট : আগামী ৩১ শে ডিসেম্বর ২০২৫ খ্রি.থার্টি ফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক রাখার নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৮, ২৯ ও ৩৩ ধারার ক্ষমতাবলে নিম্নলিখিত নির্দেশনাসমূহ করা হয়েছে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে অনুমতি ব্যতীত সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তায়, উন্মুক্ত স্থান/ছাদ এর উপর কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, র্যালি শোভাযাত্রা করা যাবে না।থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে পরদিন অর্থাৎ ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সকল বার ও মদের দোকানসমূহ বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে পরদিন অর্থাৎ ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না। ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে পরদিন অর্থাৎ ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত পতেঙ্গা সী-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করা যাবে না।
বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালনা, উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, রাস্তায় মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড, নারীদের প্রতি যে কোনো প্রকার হয়রানি বা ইভিটিজিং এবং বেআইনী কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
