
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ছাত্র জনতার জুলাই বিপ্লবে ঢাকার চাংকারপুল এলাকায় শাহাদাত বরণকারী লোহাগাড়ার কৃতি সন্তান শহীদ ইশমাম দেশের অহংকার ও অম্লান স্মৃতি। শহীদ ইশমামসহ জুলাই বিপ্লবে সকল শহীদদের পাশে বাংলাদেশ জামায়াত ইসলামী আজীবন থাকবে। এই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের বীর শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে দ্রুত বাস্তবায়নের জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই লোহাগাড়া আমিরাবাদের দর্জিপাড়ায় কৃতি সন্তান জুলাই বিপ্লবে শহীদ ইশমাম ও চট্টগ্রামে ইসকনের আক্রমনে হত্যাকান্ডের শিকার পুটিবিলার ফারাঙ্গা এলাকার কৃতি সন্তান শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে আমিরাবাদ ও পুটিবিলা ইউনিয়নে পৃথক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, দ্রুত জুলাই আন্দোলনে গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপ্রত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেলিং ফিল্ড নিশ্চিত করতে হবে। এসব দাবীসমূহ দ্রুত বাস্তবায়নের ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান ।
ওই সময় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দসহ শহীদ ইশমাম ও শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের কবর জিয়ারত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালামের সঞ্চালনায় শহীদ ইশমামুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, জনসংযোগ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর লোহাগাড়া উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, ছাত্র শিবির সাবেক দক্ষিণ জেলা সভাপতি আইয়ুব আলী, সাবেক সেক্রেটারি আবু সুফিয়ান, জামায়াত ইসলামী আমিরাবাদ ইউনিয়ন আমীর অধ্যাপক মুহাম্মদ হাসান, বটতলী শহর পরিচালনার কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ,আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী, দাওয়াত ও প্রকাশনা সম্পাদক মাওলানা ছৈয়দ আহমদ, লোহাগাড়া সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, আমিরাবাদ ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোসাইন, শ্রমিকনেতা রফিক দিদার, পুটিবিলা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা সেলিম উল্লাহ, যুবনেতা আরিফুল্লাহ চৌধুরী ও মাস্টার মোহাম্মদ ফারুক প্রমুখ।
