
উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত- আহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ, নিহতদের ক্ষতিপূরণ,আহতদের সুচিকিৎসাসহ শিক্ষার্থীদের ৬ দফা দাবি পূরণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার নেতৃবৃন্দ।
আজ নগরীর রেলওয়ে স্কুলে জুলাই গণভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে মাইলস্টোন স্কুলে নিহতদের প্রতি শোক জানিয়ে কালো ব্যাজ পরিধান ও ১ মিনিটের নীরবতা পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী, ইফতি আশরাফ, শারমিতা ইশরাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকা মহানগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে আরো সতর্ক হওয়া এবং ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের জন্য বিমান বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি থাকতে হবে। একইসাথে নিহত-আহত সকলকে ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করতে হবে দ্রুত। আলোকচিত্র প্রদর্শনীর সমাবেশে বক্তারা আরও বলেন, যে আকাঙ্খা ও বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র তরুণ জনতা প্রাণ দিয়েছে তার স্বপ্ন ভূলন্ঠিত হচ্ছে। গণ-অভ্যুত্থানে প্রায় দুই সহস্রাধিক শহীদ ও হাজার হাজার আহত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার আন্দোলনকারীদের যে গণহত্যা সংগঠিত করেছিলো তার দৃশ্যমান বিচার এখনো নিশ্চিত হয়নি এবং সুচিকিৎসা নিশ্চিত করেনি এ সরকার।
অবিলম্বে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়।
