
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মানবতাই আমাদের শক্তি। বিভাজন কিংবা অনৈক্য আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। নতুন স্বপ্ন নিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে হবে, যেখানে মানুষের পরিচয় হবে তার সততা ও দেশপ্রেম।
মন্ত্রী ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘একুশের কবিতা’ শীর্ষক বিশেষ কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মন্ত্রী বলেন, কবিতা শুধু আমাদের আবেগপ্রবণ করে না বরং কবিতা মানুষকে সত্য ও ন্যায়ের পথে জাগিয়ে তোলে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পেছনে যেমন একটি বলিষ্ঠ সাংস্কৃতিক বিপ্লব ছিল, ঠিক তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার ভাবনায় ছিল একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন। মহান মুক্তিযুদ্ধের শহিদ; ভাষা শহিদ; চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতা এবং যে সকল কবি-সাহিত্যিক দেশ ও মানুষের তরে আত্মোৎসর্গ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
সংস্কৃতি অঙ্গনকে আরো গতিশীল ও বেগবান করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাংস্কৃতি অঙ্গন বেগবান করতে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের প্রথিতযশা কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পীরা দেশাত্মবোধক ও একুশের কবিতা আবৃত্তি করেন।
