
চন্দনাইশ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমদের সাথে চন্দনাইশে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী এমএ হাশেম রাজু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোরশেদুল আলম, আইনুল হুদা চৌধুরী, নূর মোহাম্মদ প্রমুখ।
মতবিনিময় সভায় জসিম উদ্দিন আহমদ বলেন, আমি জীবনে কখনও আওয়ামী লীগ করিনি, কোথাও সদস্য বা রাজনীতির সাথে জড়িত ছিলাম না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। ১৯৯৮ সাল থেকে ব্যবসায়িক কারণে বিদেশে ছিলাম; ২-১ জনের সাথে ছবি থাকতে পারে। সেটাকে একটি মহল ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছে।
বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের বিপুল ভোটে জয়লাভকরেছি। চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করার সাথে সাথে ঈদের আমেজ সৃষ্টি হয়েছে। এই জনপদের মানুষের জন্য মানবিক কাজ করার লক্ষ্যে বিএনপি তথা তারেক রহমানের প্রার্থী হিসেবে আপনাদের সেবা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে এ আসনে গরু চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল, মিথ্যা মামলা বন্ধ করে সুশাসন কায়েম করা হবে। মানুষ দরজা খুলে রাতে ঘুমাতে পারবে। ধানের শীষ ন্যায়ের, গণতন্ত্রের, শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের প্রতীক।
