
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের চৌমুহনী এলাকার পানওয়ালা পাড়ায় চউক কর্তৃক অধিগ্রহণকৃত বর্তমানে মামলাধীন প্রায় ১২ একর জায়গায় যা হাড্ডি কোম্পানির জায়গা বলে পরিচিত উক্ত স্থানে অভিযান চালিয়ে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
১২ এপ্রিল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।সংস্থাটির নিজস্ব জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে পরিচালিত প্রায় ২৫টি দোকান সিলগালা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান ,অথরাইজড অফিসার মো:তানজিব হোসেন,সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার, সহকারী প্রকৌশলী নির্মল দত্ত,উপ সহকারী প্রকৌশলী নূরে আলম বাধনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধ দখলে থাকা মূল্যবান সরকারি জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
