মিটফোর্ডের ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ।

উপদেষ্টা রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স এবং ট্রাফিক এন্ড ড্রাইভিং ট্রেনিং স্কুলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান। শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। মিটফোর্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দায়ী পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, বুধবার ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, গতকাল বিকালে অস্ত্রসহ দু’জনকে এবং রাতে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে।

উপদেষ্টা আরো বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাইকে মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপদেষ্টা বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী তার যথাযথ ব্যবস্থা নেবে। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেফতার করা হলো? তিনি বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ফেরত নিয়ে আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী মোটেও নির্লিপ্ত নয়।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ ।

উপদেষ্টা এর আগে ঢাকা জেলা পুলিশ লাইন আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

0Shares

নিউজ খুজুন