
মার্কিন মদদে ইসরায়েল বাহিনীর ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বায়জিদ থানার ডা. মাজহারুল হক হাই স্কুলের সামনে বেলা ১২ টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, শিশু কিশোর মেলা সংগঠক উম্মে হাবিবা শ্রাবনী। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন শিক্ষক হেলাল উদ্দিন কবির।
সমাবেশে বক্তারা বলেন, দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের যে যুদ্ধবাজ নীতি তার ফলাফল হিসাবে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ জনগণের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। সমগ্র পৃথিবী প্রত্যক্ষ করছে, গত সাত মাস ধরে ইসরায়েল বাহিনী প্রায় ৪০ হাজারের উপর মানুষকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী, শিশু ও সাধারণ নিরীহ ফিলিস্তিনি জনগণ। সেখানে গাজা, রাফা শহর আজকে মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। একদিকে খাদ্য সংকট, ঔষধ সংকট, অন্যদিকে হাসপাতাল সহ আশ্রয় শিবিরে নির্মমভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। এই গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগনের পাশে দাড়িয়ে গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছে। আমাদের দেশেও আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সমাবেশ থেকে ইসরায়েলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানাই।” বক্তারা অবিলম্বে জাতিসংঘ কর্তৃক সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানায়।
পাঠক সংখ্যাঃ ২৫১
0Shares
