
নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা-সমাবেশে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিএমপি।
১৮ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিশ্চিত তথ্য মতে সন্ধ্যা সাতটা থেকে জিইসি মোড়–দেওয়ানহাট এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগে সোমবার সকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জনসমাগম নিষিদ্ধ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮–এর ৩০ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল।
