
ডেস্ক রির্পোট : চট্টগ্রামের হালিশহর থানার ইসমাঈল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি প্রান্ত দাশকে (২৪) আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা মো. ইসমাঈল পেশায় একজন দিনমজুর ছিলেন। জীবিকার তাগিদে তিনি স্বপরিবারে নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন। গত ২২ অক্টোবর ভোরে মো. ইসমাঈল হালিশহরের বারুনীঘাট এলাকায় ‘মা কর্পোরেশন’ নামে একটি বেকু গ্যারেজে যান। সেখানে প্রান্ত দাশ ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে আটক করে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ইসমাঈলের শারীরিক অবস্থার অবনতি হলে গ্যারেজ মালিক সাহাবুদ্দিনকে খবর দেয়।
ভুক্তভোগী ইসমাঈলকে পরিবারের সহযোগিতায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর ইসমাঈলের মৃত্যু হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রান্ত দাশ চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার রণ দাশের ছেলে।
