
ঢাকা প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৯ জানুয়ারি সমাধিতে শ্রদ্ধা নিবেনকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন পরবর্তী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আজ তার পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন মহান মানুষ, অপরাজেয় নেত্রী খালেদা জিয়া।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন। একইসঙ্গে ‘বটমলেস বাস্কেট’ হিসেবে পরিচিত অর্থনীতিকে ভবিষ্যতের সম্ভাবনাময় অর্থনীতির পথে এগিয়ে নিয়েছিলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের বিতর্কিত বিষয় নিয়ে আমাদের এখন কিছু বলার নেই। বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতেই পারে, এটা নতুন নয়। আমরা এখন পর্যন্ত দেখেছি, নির্বাচন কমিশন মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপির পক্ষ থেকে কিছু সমস্যার কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে এবং কমিশন সেগুলো বিবেচনায় নেবে বলে তারা আশাবাদী। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম।
