রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
মুহাম্মদ শাহজাহান বলেন, “শহীদ হাদী দেশপ্রেমিক শক্তির চিরকাল প্রেরণার বাতিঘর হয়ে থাকবে। ন্যায়, ইনসাফ ও সত্যের পথে অবিচল থাকার যে আদর্শ তিনি রেখে গেছেন, তা এ দেশের তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহস জোগাবে। শহীদ হাদীর আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়- ভয় নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই একজন সচেতন নাগরিকের দায়িত্ব।”
তিনি আরো বলেন, এই রক্তের ঋণ জাতিকে শোধ করতেই হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ হাদীর শাহাদাতকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তাঁর হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
উপজেলা সংগঠনের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন-এর দারসুল কুরআন পেশের মাধ্যমে সকাল ৯টায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইনসহ উপজেলা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল। প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন কর্মী ও দায়িত্বশীলবৃন্দ।
শহীদ উসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন উপজেলা আমির মাওলানা হাসান মুরাদ।
পাঠক সংখ্যাঃ ১৪১
0Shares
