নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৬২৫ জন এসএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ (বিপিএম), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার স্বাগত বক্তব্যে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে উল্লেখ করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতি বছর এ খাতে যে ভর্তুকি দেওয়া হয় সেটিকে ব্যয় নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখি। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়।
তিনি আরো বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে আর ফিরে আসে না। এতে দেশ তাদের মেধা ও দক্ষতা থেকে বঞ্চিত হয়। তাই দেশের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ আরও বাড়াতে হবে, যাতে তারা দেশের ভেতরেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী হয়। শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উদ্ভাবনী কাজে সুযোগ বাড়াতে হবে। স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান বের করার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণ সমাজকে যুক্ত করতে হবে।