লোহাগাড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দ্বিতীয় নির্বাচনী জনসভা লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ২৪ না হলে ’২৬ পাওয়া যেত না। যারা এটাকে অস্বীকার করে তাদের এই ’২৬-এ লাল কার্ড। বাংলাদেশ ১২ ফেব্রুয়ারিতে পথ খুঁজে পাবে। ডাকসু থেকে শুরু হয়ে জকসুতে এসে থেমেছে। আমরা চাই দুর্নীতিবাজ, ব্যাংকডাকাত, ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ।, বীরেরা কখনো মরে না। তারা জীবন দিয়ে বলে যায় আমার জীবন তোমাদের জন্য দিয়ে গেলাম।
তিনি আরো বলেন, মাঘ মাসে মাথা যদি এত গরম হয় চৈত্র মাসে যাবে কই? মাথা ঠান্ডা রাখো ভাই। যখন মাথা গরম হয় তখন তারা অনেক সময় বউকে মা বলে সম্বোধন করে বসে। আগামীর বাংলাদেশ গড়বে যুবকরা। যুবকরা ঘুমিয়ে পড়েনি। তারা সৎ রাজনীতির উপদেশ দিয়ে চলে যায়। জীবন দেব জুলাই কাউকে আমরা দেব না। সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম, ১৫ মাসে তারা চাঁদাবাজে পরিণত হয়েছে। ১২ ফেব্রুয়ারিতে বিজয়ী হলে আর দুর্নীতি করতে দেওয়া হবে না।
জনসভায় বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, জামায়াত নেতা হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, বান্দরবান আসনে এনসিপির প্রার্থী এস এম সুজাউদ্দিন প্রমুখ।