ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাচ্চুর ওপর হামলা

ঢাকা প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন বিকে বাড়ি এলাকায় তার নিজ বাসার পাশে নির্মাণাধীন স্থানে এ ঘটনা ঘটে।

আহত মোসলেহ উদ্দিন বাচ্চু ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং পেশায় একজন সাংবাদিক। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদসহ কয়েকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন সকালে তিনি নির্মাণকাজ তদারকি করছিলেন।

এ সময় অভিযুক্তরা তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা হাতুড়ি, রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে একটি হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তা তার ডান চোখের নিচে লাগে, এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও হুমকি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে জয়দেবপুর থানা পুলিশ ও র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা নম্বর-১৮, তারিখ ১৭ এপ্রিল ২০২৬, বাৎসরিক নম্বর ১১০ হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬ ধারায় চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

নিউজ খুজুন