প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
চেম্বারে কর্মাসে ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেল বিজয়

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। ২৩ মে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেছেন । সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যদিকে ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিনটি করে মোট ছয়টি পদে সমসংখ্যক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেল বিজয় লাভ করে। অর্ডিনারি গ্রুপের ১২টি পদে মোট এক হাজার ৮৪৩টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৪৬ শতাংশ। এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপের ছয়টি পদে ৮৮২টি ভোট পড়েছে, যা মোট ভোটের ৩১ দশমিক ৯৮ শতাংশ।
অর্ডিনারি গ্রুপে নির্বাচিত হয়েছেন মো. আমজাদ হোসাইন চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির, আবু হায়দার চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান ও শহিদুল আলম।অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ মশিউল আলম স্বপন, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম এবং মো. সেলিম নুর।
এছাড়া ট্রেড অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ আমিরুল হক (প্যানেল লিডার), এসএম সাইফুল আলম ও মোহাম্মদ আকতার পারভেজ এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মোহাম্মদ মনির উদ্দিন ও আফসার হাসান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
Copyright © 2026 News Chatgan. All rights reserved.