চট্টগ্রাম-১১ আসনে দীপা মজুমদারের গণসংযোগ ও পথসভা

বাসদ(মার্কসবাদী) মনোনীত চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী  দীপা মজুমদার এর সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  ৪০ নং ওয়ার্ডের কাঠগড় পশ্চিম মুসলিমাবাদ, জেলেপাড়া এলাকায় গণসংযোগ ও পথসভা চলে। এসময় দীপা মজুমদার বলেন- ‘গত পনের বছর ধরে আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে তা থেকে মুক্তির জন্য জনগণ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে ঠিক, কিন্তু এও ঠিক যে নির্বাচনের মাধ্যমেই এই আকাঙ্ক্ষিত মুক্তি আসবে না। দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্যই মানুষ ২০০৮ সালে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছিল। কিন্তু মুক্তি আসেনি, তার পরিবর্তে আরও বড় দুঃশাসন মানুষের উপর চেপে বসেছে। তাই মুক্তি পেতে ভোট নয়, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে জনজীবনের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে গণআন্দোলন গড়ে তুলতে হবে। জনতা আন্দোলনমুখী হলে কোন অন্যায় সিদ্ধান্ত তাদের উপর জোর করে চাপিয়ে দেয়া যায় না।“

 

তিনি কাঁচি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বলেন,“ জীবনের বিনিময়ে আমরা এই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। বিগত ৫৪ বছরে যে সরকারই ক্ষমতায় এসেছে কেউই জনগণের স্বার্থরক্ষা করেনি।মহান মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ছিল শোষণ-বৈষম্যহীন একটা দেশের । জনগণের সে আকাঙ্ক্ষা ৫৪ বছরে  ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, জামাত কেউ পূরণ করেনি। চব্বিশের  গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার আমাদের সামনে একটা সুযোগ এসেছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের। সেই আশা আজ ম্রীয়মান। অন্তবর্তী সরকারও জনজীবনের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারেনি। ব্যবসায়ীদের স্বার্থেই সিদ্ধান্ত প্রণয়ন করছে।  মব সন্ত্রাস,মাজারে হামলা,ভিন্নমতের উপর আক্রমণ,ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা সরকার বন্ধ করতে পারেনি।এর মধ্য দিয়ে অভিজ্ঞতা হলো,ফ্যাসিবাদ শুধু কোনো দল আনেনা,এটি পুঁজিবাদী ব্যবস্থার ফলাফল।ফলে ক্ষমতার পালাবদলে ফ্যাসিবাদের বিলোপ হবেনা,এর জন্য দরকার ব্যবস্থার আমূল পরিবর্তন। শুধু ভোটের মাধ্যমে এ সংকটের সমাধান হবেনা,এজন্য প্রয়োজন কাজ-মজুরি-শিক্ষা-স্বাস্থ্যের অধিকারসহ জনজীবনের সংকট নিরসনে গণআন্দোলনের শক্তি গড়ে তোলা। গণআন্দোলনই জনগণের অধিকার রক্ষার একমাত্র গ্যারান্টি। সেই গণ-আন্দোলনের শক্তিকে বিকশিত করতেই আমরা নির্বাচনে লড়ছি। আপনারা জনগণের পক্ষে দীর্ঘদিন লড়াই করা,পরীক্ষিত কমরেড দীপা মজুমদারকে কাঁচি মার্কায় ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করুন। “

দীপা মজুমদার ভোটারদের উদ্দেশ্যে বলেন,”মার্কা দেখে নয়, দল ও প্রার্থীর নীতি-আদর্শ বিচার করে ভোট দিন। যারা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে, ভোট নিতে ধর্মের ব্যবহার করে, ধনীদের স্বার্থ দেখে – তাদের ভোট দিলে তারা হয়তো জিতবে, কিন্তু আপনি কি জিতবেন? জনগণের পক্ষের লড়াইয়ের শক্তি হিসেবে, জনগণের অধিকারের দাবিতে বিগত সময়ে রাজপথে সোচ্চার থাকা, জনগণের প্রতি দায়বদ্ধ-সৎ-নিঃস্বার্থ এবং বাসদ(মার্কসবাদী মনোনীত  প্রার্থী হিসেবে আমাকে জয়যুক্ত করুন। আমাকে ভোট দিয়ে ও ভোটের খরচ যুগিয়ে গণ-আন্দোলনের শক্তিকে বিকশিত করুন।“

0Shares

নিউজ খুজুন