লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে হারানো বা চুরি হয়ে যাওয়া ৫০টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। গত ২৫ মে দিবাগত রাত আনুমাণিক সাড়ে ৮ টায় থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে এ সব মোবাইল ফোন হস্তান্তর করেন ওসি মোঃ রাশেদুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে হারানো বা চুরি হয়ে যাওয়া মোবাইল মালিকেরা থানায় জিডি করেছেন। মোবাইল উদ্ধারের টীম প্রধান এএসআই এসএম রাশেদ হারানো জিডিমূলে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মোবাইল গুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলহাজ¦ মোস্তফিজুর রহমান কলেজের অধ্যাপক মোঃ মিশকাতুর রহমান বলেন, আমার মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর আমি যথাসময়ে থানায় একটি জিডি করি। এরপর আমি আশা করিনি মোবাইলটি ফিরে পাবো। হঠাৎ থানা থেকে ফোন করে বলে যে হারানো মোবাইলটি উদ্ধার করা হয়েছে এবং থানা এসে নিয়ে যেতে। এতে আমি আন্তরিকভাবে লোহাগাড়া থানা পুলিশ প্রশাসনকে ধন্যবান জানাচ্ছি। অনুরূপভাবে অন্যান্য ভুক্তভোগী মোবাইল মালিকেরাও তাঁদের মানসিক প্রতিক্রা এভাবে ব্যক্ত করেছেন।