সরকার ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছে। বিগত সময়ের আসা ব্যাপক অনিয়মের ফলে প্রচুর ক্রিমিনাল ক্যাপিটাল তৈরি হয়েছে যা ব্যবসার ন্যায্য প্রতিযোগিতাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

আজ দি ইনস্টিটিউট অভ্‌ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অভ্‌ বাংলাদেশ (আইসিএমএবি)-এর আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অভ্‌ একাউন্যান্টস (সাফা) ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে। যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পদের সুষম বণ্টন করা যায় তাহলে আমরা যে অবস্থানে আছি তা থেকে উত্তরণ সম্ভব। তিনি বলেন, বিগত সময়ে আমরা দেখেছি কীভাবে অর্থনৈতিক পরিসংখ্যান ম্যানুপুলেট করে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসাকে সামনে রেখে অর্থ পাচার করা হয়েছে। একাজে পেশাদার হিসাববিদগণ মূল ভূমিকা পালন করতে পারে। অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার  আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, সাউথ এশিয়ান ফেডারেশন অভ্‌ একাউন্ট্যান্স  (সাফা)-এর প্রেসিডেন্ট আসফাক ইউসুফ তোলা, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, দি ইনস্টিটিউট অভ্‌ চার্টার্ড অ্যাকাউন্টান্টস অভ্‌ বাংলাদেশ (আইসিএবি)-এর প্রেসিডেন্ট এন কে এ মুবিন এবং ইনস্টিটিউট অভ্‌ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্স অভ্‌ বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডি বোর্ড অভ্‌ ট্রাস্টিজ সদস্য ও ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

0Shares

নিউজ খুজুন