মোঃ ইউসুফ,লোহাগাড়া : ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরী, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ সবুজ ও স্বাস্থ্যকর করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও সহস্রাধিক চারা বিতরণ কর্মসূচি পালন করেছে লোহাগাড়া প্রেসক্লাব। ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলা সদর লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ সব চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষচারা রোপন করেন উক্ত সংগঠন। কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
ওই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবার সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জোনাইদ, রাজনীতিবীদ মোঃ কামাল উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাব’র সভাপতি এম.সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজসহ সংগঠনের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এহেন মহতী উদ্যোগে তিনি লোহাগাড়া প্রেসক্লাব’র প্রশংসা করেন এবং প্রত্যেক পরিবারের সদস্যদেরকে বসতভিটের আশে-পাশে বৃক্ষচারা রোপন করার পরামর্শ দেন।