লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়ায় অত্যাধিক তাপপ্রবাহ ও বিদ্যুতের লোড শেডিং-এর করণে স্বাভাবিক জনজীবন বিপন্ন। মানুষসহ প্রাণী জগৎ দূর্বীষহ যন্ত্রণায় অস্থীর। এহেন দুঃসময়ে উপজেলার চুনতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ পশ্চিম চুনতি হাদুর পাহাড় সংলগ্ন এলাকায় ক্ষেতে কাজ করার সময় অত্যাধিক তাপপ্রবাহে সৃষ্ঠ হিট স্ট্রোকে মারা যান জনৈক কৃষক শামশুল আলম (৬০)। তিনি ওই এলাকার মৃত ঠান্ডা মিয়ার পুত্র এবং ৮ সন্তানের জনক। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুনিরুল মাবুদ রয়েল। ২৪ এপ্রিল দুপুর আনুমাণিক ১ টায় উক্ত দূর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণে মারা যাওয়া শামশুল আলমের ছেলে জয়নাল আবেদীন সওদাগর জানিয়েছেন, তাঁর পিতা প্রতিদিন সকালের দিকে কুলপাগলী এলাকার সবজি ক্ষেত দেখতে যান। ২/৩ ঘন্টা ক্ষেতের পরিচর্যার কাজ শেষে করে বাড়িতে ফিরে আসেন। ঘটনার দিন যথাসময়ে তঁর পিতা ফিরে না আসায় খোঁজ-খবর নিতে বাড়িতে থেকে বের হয়ে ক্ষেতের দিকে চলে যান তাঁর মাতা। হঠাৎ তিনি দেখতে পান ক্ষেতের মাঝে তাঁর পিতার মরদেহ পড়ে আছে। শোর-চিৎকারে পাড়া-প্রতিবেশী ও স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর পিতার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শরীরের কোন অংশে আঘাতের চিহ্ন দেখা না যাওয়ায় তাঁরা ধারণা করেছেন অত্যাধিক তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে তাঁর পিতা মারা গেছেন। এ প্রসঙ্গে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন বলেন, তিনি বিষয়টি শুনার পর পরই থানার অফিসার ইনচার্জকে জানিয়েছেন।