লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ উপজেলার পদুয়া ইউনিয়নস্থ পদুয়া বাজারের উত্তর পার্শ্বের সুইচ পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন আরকান সড়কে জনৈকা বৃদ্ধা সড়ক অতিক্রম করার সময় চলন্ত বাসের ধাক্কায় নিহত হয়েছেন। ৪ জুলাই বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ টায় উক্ত সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত বৃদ্ধার নাম আয়েশা বেগম (৭৫)। তিনি পদুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ খন্দকার পাড়ার মৃত মোঃ ইউনুচ’র স্ত্রী। সূত্রে জানা গেছে, নিহত মহিলা কন্যার শ্বাশুরালয় ইউনিয়নের নিজতালুক এলাকা থেকে ঘটনাস্থলে এসে গাড়ি থেকে নামেন। পরে বাড়ির দিকে রাওনা হওয়ার জন্য সড়ক অতিক্রম করতে গেলে কক্সবাজার অভিমুখী দূর পাল্লার একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে সড়কের উপর ফেলে দেয়। এতে মহিলাটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। এরপর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা উক্ত মহিলাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাটিকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহত মহিলার ¯স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, পালিয়ে যাওয়া ঘাতক গাড়িটি শনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।