লোহাগাড়ার পদুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পাইপ মিস্ত্রির মৃত্যু

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ তেইল্যা দিঘী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জনৈক পাইপ মিস্ত্রির মৃত্যু ঘটেছে। ১০ জুন সন্ধ্যা আনুমাণিক সোয়া ৫ টায় উক্ত দূর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের নাম আবদুল শুক্কুর (৩২)। তিনি চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মোঃ সালামের পুত্র।
সূত্রে জানা গেছে, উল্লেখিত এলাকায় জনৈক ইউসুফের বাড়িতে গভীর নলকূপ খননের কাজ চলছিল। খনন কাজ শেষে বোম মোটরে বৈদ্যুতিক লাইনের সংযোগ দেয়ার সময় উক্ত পাইপ মিস্ত্রি বৈদ্যুতিক তারের শর্টে ধাক্কা খেয়ে ছিঁটকে পড়ে যায়। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদেকুল আলম নিহতকে মৃত্যু ঘোষণা করেন। তিনি বলেন, আহত পাইপ মিস্ত্রি আবদুল শুক্কুরকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছেন। নিহতের সহকর্মী এনামুল হক জানান, শুক্কুরসহ তাঁরা ৩/৪ জন গভীর নলকূপ খনন কাজ শেষ করে বোম মোটরের সহিত বৈদ্যুতিক লাইনের সংযোগ দেয়ার সময় অসাবধনতাবশতঃ বৈদ্যুতিক তারের শর্টে শুক্কুর
আহত হয়ে মারা যান।
থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে এসআই মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।

0Shares

নিউজ খুজুন