হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীর গুমান মর্দন পেশকার হাট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী-বায়েজিদ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
পেশকার হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে সুজা উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন গুমানমর্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখরুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, প্রধান বক্তা চট্টগ্রাম জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন শুধুমাত্র মেধা নয়, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনের অভিষ্ঠ লক্ষ্যে পৌছানো যায়। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেন।হাটহাজারী এই অঞ্চলের একটি শান্তির নিবাস। অতীতেও হাটহাজারী সব ধর্ম বর্ণ, শ্রেণি পেশার মানুষের শান্তি-সম্প্রীতির চারণভূমি হয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। যারা শান্তির জনপদ হাটহাজারীকে অশান্ত করতে চাইবে, সন্ত্রাসের পথে হাঁটবে হাটহাজারীতে তাদের কোন স্থান হবে না।
বিএনপি শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে প্রতিটি গ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার পিতাসহ আমাদের পরিবার সারা জীবন হাটহাজারীর সেবায় নিয়োজিত।আমি আপনাদের সন্তান। আমিও আপনাদের খেদমত করতে চাই।