
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T Christensen সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান। তিনি দু’দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মাত্র তিন মাস অতিবাহিত করেছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাষ্টদূত বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। গণতন্ত্র সুসংহত করা মানবাধিকার সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় পানি সম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।
