বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভা পরবর্তী সংবাদ সম্মেলন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভায় প্রস্তাব সমূহ সর্ম্পকে অবহিত করা হয়। স্থায়ী কমিটির সভা গত ১০ নভেম্বর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বৎসর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারাবদ্ধ হয়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোন কোন বিষয়ে সরকারী সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহিত সিদ্ধান্ত আগ্রাহ্য করার সামিল।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবেনা। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ।
পাঠক সংখ্যাঃ ৮৭
0Shares