চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সীমানাপ্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ২৮ নভেম্বর শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছি। এ স্কুল এন্ড কলেজে নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তীতে আরও নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে খেলার মাঠ নির্মাণ করা হবে। সীমানাপ্রাচীরের মাধ্যমে এ স্কুল এন্ড কলেজের সৌন্দর্য এবং সুযোগ-সুবিধা আরও বাড়বে।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) এবং চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, নানা সীমাবদ্ধতায় জর্জরিত ছিল এ স্কুল এন্ড কলেজ। আমরা দায়িত্ব নেওয়ার পর এ শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যােগের অংশ হিসেবে সীমানাপ্রচীর নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ব্যক্তিবর্গ ধন্যবাদ জানান উপ-উপাচার্য (একাডেমিক)।
এসময় উপস্থিত ছিলেন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মো. মোস্তফা সরকার, চবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান ও মো. ইলিয়াস চৌধুরী, চবি নির্বাহী প্রকৌশলী ফারিস মাহমুদ আম্মার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।