চন্দনাইশ প্রতিনিধি : যুবকেরাই পরিবর্তনের শক্তি; আল্লাহ তাঁদের হাতেই সমাজ সংস্কারের চাবি তুলে দেন এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে পশ্চিম বরকল আব্বাস ফকির বাড়ী ইসলামী যুব কাফেলা আয়োজিত ১৭তম ইসলামী সম্মেলন এক আড়ম্বরতা ও হৃদয়গ্রাহী পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। ভিন্ন ভিন্ন পর্বে মাওলানা মাহাবুব আলম , মাওলানা আনোয়ারুল হাকিম ও মাওলানা আবু বকরের সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হতে আগত আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি হামিদ জাহেরী , কক্সবাজার বড়ইতলী মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তফা নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার চট্টগ্রাম জেলার সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও অন্যান্যরা।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বক্তব্যে বলেন, আজকের এই সুন্দর পরিবেশে আমরা একত্রিত হয়েছি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর ভালোবাসায়। ইসলামী যুব কাফেলা বছরের পর বছর ধরে তরুণ সমাজকে ইসলামী চেতনায় উজ্জীবিত করতে যে ভূমিকা রাখছে, তা কেবল একটি অনুষ্ঠান নয়; বরং এটি ঈমান জাগানোর আন্দোলন, চরিত্র গঠনের দাওয়াত এবং সমাজকে আলোর পথে ফিরিয়ে আনার এক অনন্য প্রচেষ্টা। তিনি আরও বলেন, ইসলামী সম্মেলন শুধু বক্তৃতা শোনার আসর নয়; এটি আত্মার পরিশুদ্ধির ময়দান, তাওবার দরজা, আর আল্লাহর স্মরণে হৃদয় ভিজিয়ে নেওয়ার এক মহামুহূর্ত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যেখানে আল্লাহর জিকির হয়, সেটাই জান্নাতের বাগান।
বক্তা তরুণ সমাজের গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, আজকের যুবকরাই আমাদের প্রকৃত সম্পদ। যদি তারা ইসলামকে শক্ত করে ধরে, কুরআনের আলোকে নিজেদের গড়ে তোলে, তবে এই বরকল, এই চট্টগ্রাম, এমনকি সমগ্র বাংলাদেশ আল্লাহর নূরে আলোকিত হবে, ইনশাআল্লাহ। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের তরুণ সমাজ নানা বিপদে জড়িয়ে পড়েছে, মোবাইল, মাদক, অশ্লীলতা ও সামাজিক মিডিয়ার অপব্যবহার তাদের ঈমান ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। ইসলামী যুব কাফেলার মতো সংগঠনগুলোই তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহর রহমত। তিনি সবাইকে আহ্বান জানান, চলুন, আমরা কুরআন ও সুন্নাহকে জীবনের দিশারি বানাই। নামাজ কায়েম করি, অন্যায় ও গীবত থেকে দূরে থাকি, এবং নবী করিম ﷺ-এর সুন্নাহকে আমাদের জীবনের অংশ করে নিই। শেষে দোয়া মাহফিলে উপস্থিত ওলামায়েকেরামগণ হাত তুলে প্রার্থনা করেন, হে আল্লাহ! আমাদের যুব সমাজকে হিদায়াত দান করুন; আমাদের সন্তানদের কুরআনের হাফেজ ও দ্বীনদ্বার বানান; ইসলামী যুব কাফেলাকে ঐক্য ও সফলতার বরকত দান করুন; এবং এই এলাকাকে ইসলাম ও ঈমানের শক্তিতে পূর্ণ পরিণত করুন।